কবিতা

গল্প ও কবিতা



শ্রীনিবাস অধিকারী


খাঁ খাঁ সময়। নিঃসঙ্গতার নিরাময় বুকে নির্জন মাঠ আসলে পুরুষ
নদীর কিনারে এসে থেমে গেছে — স্রোত-সর্পিল আয়নার কাছে।

বীজ ফেলার ঘামকথা নাহয় উহ্য থাক। ঝড়-মেঘ বিজলির দাপট
মাটি চিরে বৃষ্টির জো

লোহার ফলায় প্রস্তুতি সারতে হবে যখন, পাঠগ্রহণ পালা শুরু।

নত হতে হবে। নম্র জীবন, আরও সহিষ্ণু, আরও কঠিন নরম।
কচিঘাস। নাচের রং সবুজ। জলদাগ। আলপথে থোড়ের নূপুর
জোনাকি আলোয় শস্যের আখর — ফুটন্ত শব্দের শিশিরডুব...

দীর্ঘশ্বাসের পাহাড় জমা অশ্রু। বিষাদের বরফ গলা কল্লোল
বহতা নদী। খরস্রোতা। ঢেউ ওঠে নামে। ঘূর্ণির ঠিকানা হয় কি?

জলীয় স্বপ্ন জমানো মাঝিই জানে পারাপার এক মায়াবী কুয়াশা
কূলের অভাবে নষ্টভালবাসা গভীরে হারিয়ে যেতে ভালবাসে
ওপারের গান ভেসে আসে, রহস্য-হাওয়ায় পদ্যের ছোঁয়া জাগে।

নিঃসঙ্গতার নিরাময় বুকে নির্জন মাঠ আসলে পুরুষ
চেনা প্রেক্ষাপট — পড়াগল্প
যার কাছে বারবার থেমে যেতে হয়, সে নারী, না-পড়া কবিতা।

পরিচিতি: কবি ও প্রাবন্ধিক।