কবিতা

এসে দাঁড়িয়েছি যখন খাদের কিনারায়



বাবুসোনা ঝা


মহাসিন্ধুর ওপার থেকে
এখনও গান ভেসে আসে
এসে দাঁড়িয়েছি যখন খাদের কিনারায়!
লুপ্তপ্রায় জেগে আছে দারুচিনি দ্বীপ,
আমাদের খোয়া গেছে পাখির নীড়ের মত ভালবাসা।

নীলাভ ধোঁয়ায় তলিয়ে যাচ্ছে স্বপ্ন-জোনাক
তলিয়ে যাচ্ছে যেমন শিশুর শৈশব মুঠোফোনে...
চোরা-রাস্তায় তলিয়ে যাচ্ছে যেমন আঠারো বছর বয়স...
শহর থেকে গ্রামে ফুরিয়ে আসা কচিঘাসের মত।

ঝড়ের রাতের নষ্টনীড়ের ধুলো ধুয়ে মুছে
ভোরের আলোর গন্ধ ডানায় ভোরে,
খই ছড়ানো পথের ফসিল চিনে চিনে
বুলবুলি চল বাগিচায় ফিরে যাই,
শিমুল পলাশে জ্বালিয়ে রাখা মশাল নিশানায়।

পরিচিতি: কবি ও নাট্যকর্মী।