কবিতা

সহবাস



অভিজিৎ রায়


সমুদ্রের জল এসে নদীতে মিশেছে এ সংবাদ
সূর্যালোক এসে দিল গভীর রাতের কাছে এসে;
চাঁদের চৌকাঠে গিয়ে থমকে দাঁড়ালো নোনাজল,
আর আমি একা একা তোমার ভিতরে শুধু ভেসে
গিয়েছি যেমন ফুল পুজোর পরেই নদীজলে
ফেলে কেউ ঘরে ফেরে; তেমনই তুমিও গেছ ফিরে!

কবিতার কথা কেউ বুঝবে না জেনে আমি লিখি
শুধু ছবি; আমি আঁকি শব্দের যন্ত্রণা, আর লোকে
নিজেকে খোঁজার পর পেয়ে গেলে শব্দের ভিতরে
পেয়ে যায় কত কিছু, মূল্যবান আনন্দ শোকের!
এর থেকে বহুদূরে সমুদ্র মিশেছে নদীগর্ভে
আর, ভালবাসা মিশে গেছে বিরহের নোনাজলে।

সাজানো কথার ভিড়ে কিছু স্মৃতি খুঁজে পাও যদি
জেনো, শোকের সাগর জলে আজ মিশে যাবে নদী।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত।