ধরো আমি বিনির্মাণকামী হলাম –
বিনির্মাণ ও ধ্বংসের মাঝের অলিন্দ-পরিসরে, তোমার খোঁপা শিথিল হলেও স্খলিত হতে দেরি বেশ কিছু আততায়ী মুহূর্তের।
প্রতিবারের মতো সেবারও ভুল বুঝলে আমায়...
ধরো আমি বিনির্মাণকামী হলাম –
একটা একটা করে ইট খুলে রাখছি আহিরীটোলা ঘাটে যাবার শুঁড়িপথের ধারের পলেস্তারাহীন
বাড়িগুলোর –
কয়েকটা হাতুড়ির ঘায়েই যারা নিশ্চিহ্ন করে দিতে পারতো বাড়িগুলোকে,
আমি তাদের চেয়েও নিষ্ঠুর।
এরপর জানি আলো নিভে যাবে, কিছুটা বাকি যা আছে দিন,
ততদিন ধরে খুলে খুলে রাখবো এযাবৎকালের ভালোলাগার সব ঘনবিন্যাস।

পরিচিতি: লেখক ও সম্পাদক।