কবিতা

ফেলে আসা দিনগুলি



অঙ্কন সামন্ত


অল্প চাওয়া, একটু পাওয়ায় লুকিয়ে ছিল সুখ
অভাব-কান্না, আঘাত হানা মেটাতো হাসিমুখ।
রোদমাখা বিকেলগুলো, ছিল ভীষণ দামি
একাকীত্বের রাতপ্রহরে হারিয়ে গেলাম আমি।
ধুলোমাখা কাপড়ে আজ আভিজাত্যের ঢেউ,
বৃষ্টি ভেজা সবুজ মাঠের সঙ্গী হয় না কেউ।
নামিদামি খাবারগুলোও, অবহেলার শিকার!
বাদলা হাওয়ায় খিচুড়ির স্বাদ নিত অমৃতের আকার।
আম কুড়োনো, নারকেল চুরির কতই না ছিল দাম!
খুনসুটিতে জায়গা নিত বেনামী ডাকনাম।
চোখে ক্লান্তি, পেটে ক্ষুধা তবু মুখে হাসি
গানের আসরে হাজারো যন্ত্রণা হতো পরবাসী।
পাঁচিল পেরিয়ে আলোর পৃথিবী চলত নিজের ছন্দে,
মুড়ি মাখানোর খবর যেত হালকা হওয়ার গন্ধে।
আলতো অভিমানে, শত অভিযোগে কাটত রবিবার
কষ্ট লুকিয়ে সাজানো হাসির তবু ছিল দরকার।
বেদনার বালুচরে ধুয়ে গেল সেই স্বপ্নস্নিগ্ধ রূপকথা,
নিয়তির কঠিন কলমে লেখা হল, তাদের বিচ্ছেদগাঁথা।
ডাইনিং টেবিলের হাসিগুলো, এখন নিঃশব্দে ব্যাকস্পেসে,
চায়ের কাপের উষ্ণ গল্প, থেমে গেছে টাইমলাইনের শেষে।
হাতে হাত রেখে যারা দিয়েছিল মরণ সঙ্গী হওয়ার আশা,
স্মৃতির চিলেকোঠায় জমে থাকা তারা অবহেলিত ভালোবাসা।
বন্ধুত্ব আজ স্ট্যাটাসে টেকে, অফলাইনে গেছে মরে।
আজকাল কি অপেক্ষা কেউ আগের মতো করে?
ব্যস্ততার যান্ত্রিক রেলগাড়িতে সবাই আলাদা কামরায়,
দেখি শুধু মরীচিকা, এ মরু সাহারায়!

পরিচিতি: বিশিষ্ট কবি ও লেখক।