বড় দামি এই বেঁচে থাকা
জীবনের দাম নেই কোনও;
জন্মের আড়ালে মৃত্যুভয়
দিয়ে তাকে কেন পিছু ডাকা?
ফাঁকা সব ঘর একা পড়ে
আছে দেখ অচেনা বাড়িতে;
ঠিকানা হারিয়ে অবসাদ
অবকাশে যায় অবসরে।
বাজারের ঘ্রাণ উড়ে আসে,
বেঁচে থাকা মাখে তার গায়ে;
জীবনের মন ভাল নেই,
বেঁচে থাকা তবু ভালবাসে।
কিছু কিছু কথার ওজন
জীবনের চেয়ে বেশি হলে
অভিমান গা-জোয়ারী করে;
ভেঙে দেয় জীবনের মন।
বেঁচে থাকা শুধু অভিনয়;
জীবনের পাঠ নিতে নিতে
ভুল ডায়ালগ যদি বলো,
দাম আরও বেশি দিতে হয়।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত।