তোমার আমার উঠোনদুটো
যাক না মিলে মিশে।
বুঝি না সবাই বাঙালি তবু
আলাদা আমরা কিসে?
এই দেখোনা অ আ ক খ
লিখেছি খাতা ভরে।
শুরুটা তোমারও ছিল জানি,
ঠিক এমনটা করে।
তোমার গাঁয়ে চাষ করে চাষা
মাঠেতে সারাবেলা।
আমার গাঁয়ের চাষীর ছেলে
তার সাথে করে খেলা।
বৈশাখেতে আমের গন্ধে
ভরে যে পুকুর পাড়।
বুঝি না তফাৎ জল আর হাওয়া
কোনটা যে হায় কার।
বয়ে যায় খুন, মিছে হানাহানি
ভা'য়ে ভা'য়ে মারামারি।
বুঝি না একটু মাটি নিয়ে মোরা
কেন করি কাড়াকাড়ি।
মিলে মিশে যাক দুই বাংলা
একটা উঠোন থাক।
হিংসা যত খড়কুটো হয়ে
সাগরেতে ভেসে যাক।

পরিচিতি: বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক। ইংরেজী ও বাংলা উভয় ভাষাতেই লেখেন।