তোমাকে আমি অন্য কিছু বলব ভিন্ন কিছু
যা কখনো বলে না কেউ।
তার জন্য একটু অপেক্ষা।
রাস্তায় বিরুদ্ধ মিছিল
বিরুদ্ধ নীতি
বিরুদ্ধ স্লোগান।
আমি বলব না ভালো আবাসের কথা
আলো কিংবা আঁধার প্রেম কিংবা হাহাকার।
ফুল ফোটার নিঃশব্দ কোনো শব্দ দিয়ে তোমাকে কিছু বলব না।
আমি অন্য কিছু বলব ভিন্ন কিছু
তার জন্য একটু অপেক্ষা।
তাকিয়ে দেখো বন্ধুর হাত
প্রেমিকার আঁচল
শিশুর চিবুক
তোমার নকল তোমারই ছায়া।
এখান থেকেই চারদিকে রাস্তা গেছে
একটি পুকুর পাড়ে স্থির অর্ধমৃত গাছ
পুরস্কৃত রেখাচিত্র।
আমি অন্য কিছু বলব ভিন্ন কিছু
তার জন্য একটু অপেক্ষা।
অপেক্ষায় তৃপ্তি নেই
আছে শুধু তৃষ্ণা।

পরিচিতি: শিক্ষক, কবি (ঢাকা, বাংলাদেশ)। প্রকাশিত কাব্যগ্রন্থ - 'ভালোবাসার খোঁজে' এবং 'কুয়াশা সময়ের খুরধ্বনি'।
