বিবর্ণ নিশুতিরাতে অনিচ্ছুক স্নান
শূন্যতার ছাপাখানায় প্রকাশিত ছবি
কালশিটে মাখা এক শরৎ আকাশ
মৃত, নগ্ন, তবু কেন আসছেন দেবী?
নিষ্ঠুর যত অপরাধকামী লহরীতে
মলিনতা দিয়ে ধুয়ে দিলে সব শ্বাস
ছায়া, আবছায়া নরকাসুরের স্বর
আকণ্ঠ মদ সহবাসও চেনে মৃতে।
অধম নিশ্চিন্তে চলে মধ্যমের সাথে
টেলিযোগাযোগ লেখে ক্ষত চিত্রপট
নিদারুণ অবক্ষয়ে স্বাস্থ্য পেলে ভয়
পুলিশ অপেক্ষা করে ডাইরি খাতাতে।
বিবমিষা জমে মর্গে গোধূলিসন্ধ্যায়
অক্ষরবৃত্তকে ঢাকে পাশবিক কায়া
রাত জাগে, ভোর নেয় অসুরবিনাশী
আকাশে তারারা লেখে জাগো অভয়া।

পরিচিতি: কবি, প্রাবন্ধিক, সমাজকর্মী।
