আর্তনাদে পুড়ুক বিষবৃক্ষ
আগামী থাকবে আলোর দখলে
আকাশ ঢেকেছে ধূর্ত ঈগল
ডানায়, সর্বনাশ দুয়ারে দাঁড়িয়ে,
কুটুম্বিতা চায় বসুধা চোখ,
সমস্ত আনন্দসুখ রয়েছে সংগ্রামে।
মনের শব্দহীন খেলা সারো
এইবেলা।
আগামী ভোর স্থাপত্যের মাধুরী নির্মাণে,
সহিষ্ণু মানুষ ঘুম থেকে জেগে হৃদয় তোমাকে দেবে শিমুলের রঙে।
রক্তহীন ভালোবাসা নিয়ে দুয়ারে এখন
বসন্ত কোকিল আসে যায়,
ছড়িয়ে স্বপ্ন মায়া তরঙ্গ দোলায়।
কিছু প্রতিশ্রুতি আগেও যেমন,
বেদনা বুকে ভূমণ্ডল জুড়ে দামামার তোপধ্বনি।
তুমি তো সন্ন্যাসী নও; জীবন সন্ধানী,
হে স্বদেশ বাউল, বীজমন্ত্র দাও স্বপ্নসম্ভবে,
জীবনের গান গাও শুনি।

পরিচিতি: বিশিষ্ট কবি।
