কবিতা

চেনা সময় ও রাবণ রাজা



রতন হাওলাদার


এই যে আকাশ সে তোমার
হবে না কখনও বসত বাড়ি
এই যে বহমান ফিনফিনে বাতাস
সে উড়াতে পারেনা নীলাম্বরী শাড়ি

তবে তা হৃদয় ছোঁবে কিনা
বলতে পারে না কেউ
যারা নদী দেখেছে, তারা সমুদ্রে
মাখবে উথলানো ঢেউ।

চোখের তারায় এখনও স্বপ্নগুলোকে
সাজিয়ে সাজিয়ে রাখা
মানুষ পাওয়া যায়, পাওয়া যায় পথ
তবে তা সরলরেখা নয়
নয় নির্ভেজাল, সবই যেন আঁকাবাঁকা।

তবুও কি, পৃথিবী থেমে থাকে?
প্রকৃতি আমাদের জন্য
অফুরন্ত ভালোলাগা ছড়িয়ে রাখে।

ঈশ্বরের মুখ হতে চাই না
হতে চেয়েছি একটা মানুষের মুখ
আমার চারপাশে দেখছি যত মানুষ
তাদের বেশির ভাগের, মনের অসুখ।

লাগবে হেকিমি দাওয়াই,
লাগবে সঞ্জীবনী
আমাদের মনমোহিনী সরকার
এখানে ওখানে রাস্তার এপাশে ওপাশে
খুলে দিয়েছে তারই বিপনি।

পাওয়া যাবে
মূল্য দিলে কড়কড়ে টাকায়
নাগালের মধ্যেই পাওয়া যাবে
আর কিছু না হোক, সেখানে গেলে
জীবন রাবণ রাজা হয়ে যাবে।

পরিচিতি: বিশিষ্ট কবি।