কবিতা

কবিতার ঘর-বারান্দা



অভিজিৎ রায়


অনেক কবিতার ভিতরে একটা খোলা বারান্দা থাকে,
অনেক কবিতায় থাকে না।
সেখানে শুধু শীততাপ নিয়ন্ত্রিত ঘর,
কাঁচের জানলায় সুন্দর ডিজাইনের পর্দা।
হাঁপিয়ে ওঠা শব্দেরা নতুন হাওয়ার সন্ধান করে, পায় না।

আমি, ইচ্ছে হলেই কবিতার খোলা বারান্দায় দাঁড়াই;
গ্রীলে জড়িয়ে ওঠা মাধবীলতার সাথে
সুখ-দুঃখের কথা বলি,
পুরোনো টবের মাটিতে চড়ুই পাখির ধুলোয় স্নান দেখি,
দেখি গলির কুকুরের খুনসুটি।
অকাল বর্ষার পর একঝলক শরতের আকাশ দেখি
কবিতার বারান্দা থেকেই।

কবিতার ঘরে ঢুকলেই নিজেকে অচেনা মনে হয়।
রান্নাঘরের মশলার তীব্র গন্ধ আর সিগারেটের ধোঁয়া
দম বন্ধ করে দেয় আমার।
আমার কাশি পায়, কান্না পায়, অবসাদ আসে।

কবিতার ঘর থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে আমার
অথচ আমি জানি
কবিতা আমাকে, একমাত্র আমাকেই ভালবাসে।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত।