খেলাধুলো

খেলায়াড়দের পারদর্শিতায় বায়োমেকানিক্সের ভূমিকা



ডঃ তমোঘ্নী মান্না


বায়োমেকানিক্স বা জৈব-বলবিদ্যা হল জীবিত দেহের উপর বল এবং গতি কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে বিজ্ঞানভিত্তিক একটি শাখা। ক্রীড়াক্ষেত্রে, বায়োমেকানিক্স ব্যবহার করা হয় মানবদেহের চলাচল, ভঙ্গি, বলের প্রয়োগ এবং শরীরের গঠনগত কার্যকারিতা বিশ্লেষণ করতে। এটি ক্রীড়াবিদদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে, আঘাত প্রতিরোধে এবং কর্মদক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বায়োমেকানিক্সের মূলনীতি

বলবিদ্যা (Kinetics) ও গতি (Kinematics) এই দুই নিয়েই বায়োমেকানিক্স।

বলবিদ্যা: শরীরের উপরে বা শরীরের ভিতর যে বল কাজ করে, তা বিশ্লেষণ করা হয়। যেমন, মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণ বল, প্রতিক্রিয়া বল ইত্যাদি।
গতি: দেহের অঙ্গগুলোর গতি, কোণ পরিবর্তন, গতি বৃদ্ধির হার ইত্যাদি বোঝা।

নিউটনের গতিসূত্র (Newton’s Laws of Motion)

প্রথম সূত্র (Inertia): একটি বস্তুতে যতক্ষণ না বাহ্যিক বল প্রয়োগ করা হয়, ততক্ষণ সেটি স্থির বা গতিশীল অবস্থায় থাকে। উদাহরণ: ফুটবলে কিক্ না মারা পর্যন্ত বল স্থির থাকে।
দ্বিতীয় সূত্র (F=ma): বল(F) = ভর(m) x ত্বরণ(a)। খেলোয়াড় যত দ্রুত গতি আনতে চায়, তত বেশি বল প্রয়োগ করতে হবে।
তৃতীয় সূত্র (Action-Reaction): প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন: ব্যাট দিয়ে বল মারলে বল বিপরীত দিকে ছিটকে যায়।
ভারসাম্য ও স্থিতি (Balance and Stability): খেলোয়াড়ের দেহকে সঠিক ভঙ্গিতে রাখা যাতে ভারসাম্য বজায় থাকে। উচ্চস্তরের ক্রীড়াবিদদের স্থিতিশীলতা অনেক উন্নত হয়।

লিভার সিস্টেম (Levers in the Human Body)

দেহে হাড় ও পেশি একটি যন্ত্রাংশের মতো কাজ করে (যেমন- লিভার)। যেমন হাতের কনুইয়ে লিভারের মতো গঠন রয়েছে, যা শক্তি ও গতি উৎপন্ন করে।

ভরকেন্দ্র এবং গতি-রেখা (Center of Mass and Line of Gravity)

খেলোয়াড়ের ভরকেন্দ্র ও তার অবস্থান, খেলোয়াড়ের গতি ও স্থিতি নির্ধারণ করে। উচ্চ লাফ বা ভারোত্তোলনে এর গুরুত্ব বেশি।

বায়োমেকানিক্সের পদ্ধতি

১) ভিডিও বিশ্লেষণ: এর মাধ্যমে ক্রীড়াবিদের নড়াচড়া ধীরে ধীরে বিশ্লেষণ করা হয় যাতে তার ফর্ম, কৌশল এবং গতি বিশ্লেষণ করে উন্নতি আনা যায়।

২) মোশন ক্যাপচার: বিশেষ সেন্সর বা ক্যামেরার সাহায্যে খেলোয়াড়ের শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া ৩-ডি আকারে বিশ্লেষণ করা হয়।

৩) ফোর্স প্লেট: এই যন্ত্রে খেলোয়াড় দাঁড়ালে বা দৌড়ালে, মাটির উপর প্রয়োগ হওয়া বল পরিমাপ করা যায়।

৪) ইলেকট্রোমায়োগ্রাফি (EMG): এর মাধ্যমে পেশিতে স্নায়ুর সঙ্কেত কেমন কাজ করে তা মাপা হয়। এছাড়া খেলোয়াড়দের পেশিশক্তি ও ক্লান্তি বিশ্লেষণও করা হয়।

৫) কম্পিউটার অনুকরণ (Computer Simulation): কম্পিউটার মডেল ব্যবহার করে ক্রীড়াবিদের নড়াচড়া অনুকরণ করা হয়। যেমন – জিমন্যাস্টের লাফ বা গল্ফ খেলোয়াড়ের সুইং।

বায়োমেকানিক্সের প্রয়োগ (Applications in Sports)

• দৌড়বিদদের দৌড় কৌশল উন্নত করা।
• বোলারদের হাতের গতি ও ঘূর্ণন বিশ্লেষণ।
• গল্ফ বা টেনিস খেলোয়াড়দের সুইং উন্নয়ন।
• জিমন্যাস্টদের লাফ ও ভঙ্গি বিশ্লেষণ।
• আঘাত প্রতিরোধ এবং পুনর্বাসন পরিকল্পনা।

ক্রীড়াবিদদের গতিশীলতা ও কৌশল উন্নয়ন

বায়োমেকানিক্স ক্রীড়াবিদদের চলাফেরা, লাফানো, দৌড়ানো, ঘোরানো বা নিক্ষেপ করার সময় দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ভূমিকা ও সমন্বয় বিশ্লেষণ করে। উদাহরণস্বরূপ:

• দৌড়বিদদেরজন্য সঠিক হাঁটার ছন্দ এবং পায়ের আঘাতের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে দৌড়ের গতি ও কার্যকারিতা বাড়ানো যায়।
• ক্রিকেটে বোলারদের জন্য হাতের মোচড়, শরীরের বাঁক এবং পায়ের ভঙ্গির সাহায্যে বলের গতি ও স্পিন নিয়ন্ত্রণ করা যায়।
• জিমন্যাস্টদের ক্ষেত্রে বায়োমেকানিক্স তাদের ভঙ্গি নিয়ন্ত্রণে এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

আঘাত প্রতিরোধ ও পুনর্বাসন

অসঠিক ভঙ্গি বা অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে ক্রীড়াবিদরা সহজেই আঘাত পেতে পারেন। বায়োমেকানিক্সের সাহায্যে দেহের ওপর বলের প্রভাব বোঝা যায় এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করা যায়। যেমন:

• ঘাড়, হাঁটু বা কোমরের ওপর বেশি চাপ পড়লে সেই অঙ্গগুলোতে আঘাতের সম্ভাবনা থাকে। বায়োমেকানিক্স এমন চাপ শনাক্ত করে।
• পুনর্বাসনের সময় ক্রীড়াবিদের চলাফেরা বিশ্লেষণ করে ধাপে ধাপে ফিজিক্যাল থেরাপি বা ট্রেনিং সাজানো হয়।

প্রযুক্তি ও সরঞ্জামের উন্নয়ন

বায়োমেকানিক্সের তথ্য বিশ্লেষণের মাধ্যমে খেলাধুলায় ব্যবহৃত সরঞ্জাম যেমন জুতো, ব্যাট, বল, পোশাক ইত্যাদি উন্নত করা যায়:

• রানিং শু’র ক্ষেত্রে পায়ের চাপ, মোচড় এবং ল্যান্ডিং-এর ভঙ্গি বিচার করে ডিজাইন করা হয় যাতে হাঁটু ও গোড়ালির আঘাত কমে।
• সাঁতারের পোশাক ডিজাইনের সময় শরীরের গতি ও জলের সঙ্গে প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সর্বোচ্চ গতিসম্পন্ন পোশাক তৈরি করা হয়।

বায়োমেকানিক্সের বিশ্লেষণ কেবল দেহগত দিকেই সীমাবদ্ধ নয়, এটি ক্রীড়াবিদের মানসিক প্রস্তুতিতেও ভূমিকা রাখে। একটি নির্দিষ্ট ভঙ্গি বা কৌশলের কার্যকারিতা পরিসংখ্যানের মাধ্যমে বোঝানো হলে ক্রীড়াবিদ বেশি আত্মবিশ্বাসী হন এবং তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে।বায়োমেকানিক্সের সাহায্যে প্রতিটি ক্রীড়াবিদের স্বতন্ত্র শারীরিক গঠন ও শক্তি অনুযায়ী তাদের জন্য পৃথক প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা যায়। যেমন, একজন লম্বা দৌড়বিদের গতি বৃদ্ধির জন্য যা প্রয়োজন, তা একটি কম উচ্চতার দৌড়বিদের থেকে আলাদা হতে পারে। বায়োমেকানিক্স এই ভিন্নতা বিশ্লেষণ করে। কাজেই, সঠিকভাবে বায়োমেকানিক্স প্রয়োগ করতে পারলে একজন ক্রীড়াবিদ নিজের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।

পরিচিতি: অধ্যাপক ও বিশিষ্ট ক্রীড়া বিজ্ঞানী।