কবিতা

করোনা (অনূদিত)



পল সেলান


হেমন্ত তার পাতাগুলো আমার হাত থেকে খায়: আমরা বন্ধু
আমরা বাদাম থেকে সময় ছুলে নিয়ে তাদের হাঁটতে শেখাই:
তারপর সময় তার খোলায় ফিরে যায়।

আয়নায় আজ রবিবার
স্বপ্নে ঘুমনোর জন্য জায়গা রয়েছে
আমাদের মুখগুলো সত্যি কথা বলে

আমার চোখ আমার প্রেমিকার যৌনতার দিকে সরে যায়:
আমরা একে অপরের দিকে তাকাই,
অন্ধকার শব্দ আদানপ্রদান করি,
পপিফুল ও স্মরণের মত আমরা ভালোবাসি একে অপরকে,
শাঁখের খোলায় শরাবের মত আমরা ঘুমাই,
সমুদ্র যেমন ঘুমায় চাঁদের রক্তপ্রভায়।

আমরা জানলার ধারে দাঁড়াই আলিঙ্গনরত, এবং রাস্তা থেকে
লোকজন উপরে তাকায়:
সময় এসেছে তাঁদের জানার!
সময় এসেছে পাথরের চেষ্টা করার ফুল হয়ে যেতে,
সময়ের অস্থিরতার স্পন্দিত সেই এক হৃদয়।
সময় এসেছে যে সেই-ই ছিল সময়।
সময় এসেছে।

(ভাষান্তর: অতীন্দ্রিয় চক্রবর্তী।)

গ্রাফিক্স: নিজস্ব।


পল সেলান (১৯২০-১৯৭০), রোমানিয়ার কবি।