কতদিন থেকে পরিক্রমা করতে করতে
আজ এইখানে এসে পৌঁছেছি, এবার বিরতি চাই।
ছিন্ন স্মৃতি বিস্মৃতি কারাগারের অন্তরালে চলে যাক।
আজ শুধু সাফল্যের কথা।
কিন্তু কি এমন সাফল্য যা মানুষকে
বিরতি নিতে বাধ্য করে সে কথা জানেন শুধু শ্রমণ,
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে নিয়ে
যিনি আড়ালে চলে গেলেন পর্ণকুটিরে
তার জন্যই এই থামা।
রক্তকরবীর নন্দিনী নেমেছে শহরে,
ডাক দিয়েছে ঘরে ঘরে, বলছে শোষণের কথা
কিন্তু সব ঘরই পরিত্যক্ত পান্থশালা।
আর কি এখন থেমে থাকলে চলে?

পরিচিতি: কলকাতার একটি বেসরকারি সংস্থায় অনুবাদক। এই সময়ের বিশিষ্ট কবি।