কবিতা

জতুগৃহ



সিদ্ধার্থ সেন


কোথাও কিছু একটা পুড়ছে!
দরজা-জানালার পাল্লা বন্ধ করেও ঘরময় ভীষণ পোড়া একটা গন্ধ!
ঘর থেকে উঠোনে দাঁড়াতেও গন্ধ!
কুয়োতলায় চাপ চাপ জমাট অন্ধকার।
ছাদে উঠে পশ্চিম থেকে পুবে, দক্ষিণ থেকে উত্তরে তাকিয়ে
কোথাও এতটুকু আগুনের শিখা চোখে পড়ল না!
পড়শিরাও মশগুল প্রাত্যহিক পরচর্চায়।
তবু ঘুরে ঘুরে গন্ধ, ভীষণ একটা পোড়া গন্ধ

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে,
ধুরধার করে মশারি তুলে বেরিয়ে সারা ঘর জুড়ে
সারাদিনের সেই পোড়া গন্ধ যেন শ্বাপদের মতো তাড়া করে ফেরে
শরীরগাছের পাতা ভিজে যায় বিব্রত-শিশিরে

হঠাৎই টের পাই খুব কাছে, বুকের নিচে দ্রুত শুকিয়ে যাচ্ছে সবুজ -
কবে কোন্ ফাঁকে জতুগৃহে জমা করেছে
বারুদ, আত্মগোপনে প্রিয় সন্ত্রাসবাদীরা

কিন্তু তবুও ছায়ানট-এর উঠোন জ্বলছে প্রতিবাদী সুরের আগুনে
সে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ুক উপমহাদেশে।

পরিচিতি: অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, সঙ্গীতশিল্পী। কলকাতা।