কবিতা

নয়নতারা



সুনন্দ অধিকারী


তার শাড়িগুলো আর শাড়ি নেই এখন
সব এক একটা ফুল হয়ে গেছে।
জবা গাঁদা বেল জুঁই টগর...
গৃহস্থ বাড়ির বাগানে ফোটা সব ফুল;
তবে কিনা গরদটা রজনীগন্ধা সেখানে
বেনারসিটা ব্ল‍্যাক রোজ হয়ে আছে।

কিন্তু ফুলগুলো কি কৃত্তিম সব?
সৌরভ নেই কোনও
দেখতেও তারা যেন কেমন!
নাকি সমস্যা আমারই পঞ্চেন্দ্রিয়ের
শক্তি তাদের ক্ষয় হয়ে গেছে।

আসলে তা নয়।
আটপৌরে ঘরে পরার
ছাপাগুলোই প্রিয় ছিল তার
তাই তারাই এখন সবচাইতে উজ্জ্বল!
আজ প্রতিটিই তারা;
নয়নতারা হয়ে ফুটে আছে...!

পরিচিতি: কবি, গল্পকার, প্রাবন্ধিক ও বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখক। কলকাতা।