কবিতা

পর্ণমোচী



বাবুসোনা ঝা


রাজভান্ডার সবাই গিয়েছে নিয়ে,
ব্যথার সাগর আমায় দিয়েছো তুমি,
সেই দহনেই শূচি হোক দেহ মন,
উর্বর হবে চেতনার আলোভূমি।

গাছেদের মতো উজার উদার করো,
চিরকাল যেন প্রাণে দানে ভরে থাকি,
ক্লান্ত পথিক ছায়া পাক, সুখ কিছু,
আশাহতদের চোখে জাগরণী আঁকি।

ব্যথার লহরী বাজুক আনন্দেতে,
একলা মুখর চোখের আড়ালে বসে,
জরার বানের অধির প্রতীক্ষায়,
শুকনো পাতার মতো শেষে যাব খসে।

তারাদের ভিড়ে অনাবিষ্কৃত তারা,
জানবে আকাশ, তুমিও জানবে প্রিয়,
সবাই যদি না জানে, নাই বা জানুক,
শীতলপাটিটি মাটিতে বিছিয়ে দিও।

গ্রাফিক্স: নিজস্ব।

পরিচিতি: কবি ও নাট্যকর্মী। কলকাতা।