| এ জীবন জানে, কতটা দহন |
কতখানি ঋণ সয়ে গেলে মন |
জমে আছে তার কাছে বিষাদ জড়িয়ে বাঁচে |
| শেষ থেকে শুরু কীভাবে, কোথায় |
শুরু থেকে শেষ অজানা পথের |
বৃত্তেই আসা যাওয়া পরিণতি যাবে পাওয়া |
| কত চেনা মুখ খুঁজে নেয় মন |
হঠাৎ অচেনা বন্ধু সুজন, |
অলীক মিছিলে হাঁটে অপরিচিতের হাটে |
| সয়ে যেতে যেতে সরে যেতে যেতে |
মরে যায় কত ধুয়েমুছে যায় |
ভালোবাসা, স্নেহ, মায়া শরীরের থেকে ছায়া |
| কী ভীষণ জ্বালা বড় নির্মম - |
পাঁজরের গায়ে; মৃতের শহরে |
স্মৃতি ক্ষতবিক্ষত বেঁচে থাকা বিধিমতো। |
| মোহের চিতায় অসীম ক্ষমায় |
ছাই হয়ে যাক যে ছুঁয়েছে, তাকে |
এক জীবনের গ্লানি ঈশ্বর বলে মানি... |

পরিচিতি: কবি ও গীতিকার। কলকাতা।