কুরে খায় কিছু অমোঘ অভ্যাস।
দুটি চোখে জড়িয়ে থাকা কবিতারা কুরে খায়
তার কল্পনার ডানা ভিজে যায় ঘামে
স্যাঁতস্যাঁতে গায়ে তারা স্বপ্ন কুরে খায়।
যে মুক্ত জীবনের স্বপ্নে বিভোর হয়ে থাকে এক খোলা মন...
পৃথিবীকে খোলা মাঠ ভেবে শুতে চায়
সবুজ ঘাসের বিলাসিতায়
কয়েকটা নোটের গন্ধ, কয়েকটা ঠাণ্ডা সুখ,
কিছু মুহূর্ত বিলাস... সেই মন কুরে খায়।
একটা আস্ত কবিতা লেখা হয়ে ওঠে না তার
তার আগেই ঠেলা খেয়ে জেগে ওঠে চোখ
কোন চেনা বাসস্টপে
'সিট খালি' 'সিট খালি' চিৎকারে
সেই সব বাসস্টপ তার সম্মোহন কুরে খায়
যে পৃথিবীকে অবলীলায় উপহাস করে যেতে পারে সৃষ্টিতে
যে সংকল্প আকাশের গায়ে অনায়াসে ছড়িয়ে দিতে পারে
ইচ্ছের এলোমেলো মেঘ
তাকে ঘিরে রাখে কিছু স্বপ্ন ভাঙা কালো ঢেউ
যে জীবন ছড়িয়ে ছিটিয়ে থাকে শুকনো পাতাটির গায়ে
কিছু ভুল পদক্ষেপ যেমন পাতার শুকনো শান্ত
শয্যায় কোলাহল তোলে
সেরকমই কিছু ভুল পদক্ষেপ
একটা আস্ত জীবন কুরে খায়
যে জীবন হতে পারত কবিতার পাতাটির মত
অনন্ত স্বপ্নে বোনা
কল্পনার সুতো টেনে টেনে
মাত্র তিনটে ঘড়ির কাঁটা
তার সারা গায়ে ক্ষত করে
কুরে কুরে জীর্ণ করে নিষ্ঠুর রক্তপাতে
সে জীবন কুরে খায় তার সর্বগ্রাসী আদিম সত্তা লাটে তোলে
একটা আস্ত মন, একটা আস্ত কবিতা, একটা আস্ত জীবন।

পরিচিতি: শিক্ষক ও সঙ্গীতশিল্পী। কলকাতা।