কবিতা

অন্তরীণ



অভিজিৎ রায়


আমার অনেক টুকরো কথা
সাজিয়ে রাখার ফাঁকে;
নীরবতা ভবিষ্যতের 
একটা ছবি আঁকে।

স্বপ্নগুলো পুড়তে চাওয়ার
বিষন্নতার জেদে
নোনাজলের বাতাসটাকে
ঘরেই রাখে বেঁধে।

একটা কথার দাম না দিয়ে
অন্য কথা কেনা
ফাঁকির ফাঁকে অন্ধকারে
আলোর আগুন চেনা।

আগুন নিয়ে সাজিয়ে বসি
সবাই খোঁজে আলো;
নীরবতার চেয়ে কিন্তু
কথার কথা ভালো।

দুমড়ে এবং মুচড়ে যাওয়া
নীরবতার পাঠে
আমার টুকরো কথার মেঘে
বৃষ্টি নামে হাটে।

বিকিকিনির বাজার জুড়ে
বৃষ্টি মাতায় দিন;
নীরবতার টুকরো কথায়
জীবন অন্তরীণ।

চিত্র: অন্তর্জাল থেকে প্রাপ্ত।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত। বহরমপুর, মুর্শিদাবাদ।