
ঝুঁঝকো-ঝুঁটি শিশুর মতো আঁধার
জড়িয়ে চোখে ঘুমিয়ে আছে পাড়া
ট্রেন ছাড়তেই কাকাবাবু ধাঁধার
চিচিং ফাঁক আর স্বপ্ন মাথাচাড়া
ধুলো-ধোঁয়ার পর্দা ঠেলে-ছিঁড়ে
উড়তে গিয়ে মুখ রগড়ায় চিল
ব্যস্ত শহর বসতে খোঁজে পিঁড়ে
যেখানে যাই নো এন্ট্রির খিল
মুমূর্ষু স্রোত পিপাসায় অবসন্ন
গঙ্গার এ কী দৈব দুর্বিপাক!
হাওড়া ব্রিজের ভোরবেলাটা পণ্য
ল্যাম্পপোস্টে ডানা ঝাপটায় কাক
বংশ বাড়ায় উড়ালপুলের ঝাড়
খালি পায়ে ধুঁকছে ঠেলাভ্যান
লজ্ঝড়ে বাস গুমটিতে নিঃসাড়
মাথার ওপর হাপর টানে ফ্যান
প্রশ্ন করি অল্প কেন ভাসেন
সিন্ধুজলের গ্রেট ব্যারিয়ার রিফ?
শেষ বয়সে ঝিলিক মেরে হাসেন
সনাতন এক অজপাড়াগাঁ'র শেরিফ।

পরিচিতি: কবি ও প্রাবন্ধিক। কলকাতা।