কবিতা

হৃদয়ে পলাশ শিমুলের রঙে একুশ



মঞ্জুলা দাশগুপ্তা


লাল পলাশের আর
শিমুলের রঙে রাঙিয়ে
জন্ম নেয় এক অগ্নিপিণ্ড একুশ
পশ্চিমের চোখ রাঙানো
আর প্রলয়ঙ্কর ঝড়ের দাপটে
সমুদ্রের অতল জলের
অভিমানের মত
জন্ম নেয় বিদ্রোহের আগুন।
দুঃখিনী বর্ণমালার
অব্যক্ত যন্ত্রণা স্বপ্ন দেখায়
পথ দেখায়
প্রতিরোধের ভাষাহীনার বুকে।
শত দুঃখিনী মায়ের হৃদপিণ্ডটায়
অসংখ্য ক্ষত বানিয়ে
হারিয়ে গেছে, কান্না ঝরিয়ে
কত আসাদ, কত বরকত
আরো কত নাম না জানা ফুল
তবুও একুশ আসে বারে বারে
আসবে চিরদিন
হৃদয় নিংড়ানো পলাশ শিমুলের
রং নিয়ে এই জীবনে
পরিচয়ের ঝান্ডা নিয়ে।

পরিচিতি: জন্ম - ৫ ডিসেম্বর, ১৯৪০; মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সক্রিয় শব্দসৈনিক, ঢাকা বেতার কেন্দ্রের প্রাক্তন শিল্পী, জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক কাজে। নিবাস: ঢাকা, বাংলাদেশ।