ভাষা নিয়ে খাসা কত কাব্য যে গড়ল
জানবেনা কোনো দিন কারা কারা পড়ল!
ঠোঙা নাকি আগুনের কার বুকে জ্বলবে
আশাহীন ভাষাকার কাকে ডেকে বলবে?
পড়ে দেখ একবার একুশের ঘটনা
দাগ রেখে যাবে মনে নয় কোনো রটনা।
সেই দেশ অবহেলে হারিয়েছে গৌরব
কলিকালে নবরূপে রণে মাতে কৌরব!
ভুলে গেছে ইতিহাস নেই কারো স্মরণে
সুখী হয় সন্তান আজ মা'র মরণে!
জাত নিয়ে ভেদাভেদ ভায়ে ভায়ে দ্বন্দ্ব
আকাশের গায়ে ভাসে লাশ পোড়া গন্ধ।
বলিদানে তাজা প্রাণ স্বজনের কান্না
প্রার্থনা করি শুধু সেই দিন আর না।

পরিচিতি: বিশিষ্ট কবি ও গল্পকার। নিবাস: কলকাতা।