কবিতা

শীত, কবিতা আর তুমি



অমল কর


সুরঙ্গমা, চেয়ে দেখো, বাতাসে কেমন শীত শীত
শীতের কথা তুললেই, তুমি কেমন উষ্মা দেখাও
একটু শীতকাতুরে আমি, তাই গায়ে শাল জড়াই
শীতকালে, খুব শীত পড়লে, শীত পাবে না?
'কী শীতভীরুরে বাবা' - তুমি কেমন অবজ্ঞা দাও

গুলগপ্পো ছল্লিবল্লি ধাষ্টামো না-করে দু-এক কলম আগুন লিখি কবিতায়
কবিতা আমার একান্ত আপন, কবিতা আমার যাপন
বুকের মধ্যে ঝমরঝম কবিতা শুধু ধ্রুপদি-মৃদঙ্গ বাজায়
অথচ কবিতার শব্দে তুমি কেমন নির্লিপ্ত উদাস খেলো
মুখে স্মিত ব্যঙ্গ, ভাবে কেমন তাচ্ছিল্য-করুণা রাখো

মায়াবিনী নূপুরের মতো রিনিঝিনি বেজে যাও আমার বুকের ভেতর
পাখির উড়ানে ওই মেঘের মতো মন পৌঁছে যায় তোমার কাছে
শীতের শান্ত নদীর মতো, মাছের সাদা চোখের মতো, তুমি চেয়ে থাকো
আমেজ আনে শীত বেশ, কবিতা ছাড়তে পারি না, তোমাকেও চাই
জারুলের মতো জ্বেলে রাখি দীপশিখা, ভালোবাসার মতো সুন্দর হও সুরঙ্গমা।

পরিচিতি: কবি, গল্পকার, প্রাবন্ধিক, সম্পাদক - পশ্চিমবঙ্গ ছোটো পত্রিকা সমন্বয় সমিতি, কলকাতা।