কবিতা

ওঝার ভেতরেই প্রেতাত্মা



শাবানা ইসলাম বন্যা


ঘুমাতে চেয়েছিলাম পাক্কা আট ঘণ্টা
ছ'ঘণ্টা হলো না পার, তো আর আট ঘণ্টা?
সুশান্ত ভোরের বড্ড তোড়জোড়
রোজই ডেকে তোলে আজানের সুর।
হয়তো মন এভাবেই চায়
মানুষের মন বড্ড বিচিত্র কী যে কখন চায়।
ভ্রমটাকেও ভালোবেসে ফেলে, নিজের পায়েও কুড়াল মারতে দ্বিধাহীন
পতন নিশ্চিত জেনেও মন যেন অলীক স্বপ্নে রঙিন।
লাল ঝোড়ো হাওয়ায় দিগ্‌ভ্রান্ত পথিক পথ খুঁজে হয়রান
শুরু হয়েছে ভাষার মাস কিন্তু অমর একুশ আজ মৃত, নেই একুশের মান।
ক্ষমতার লালসায় ভিজে উঠেছে জিহ্বা
বিধ্বস্ত জাতি বুনো ষাঁড়ে তছনছ যে যার মতো দিচ্ছে তাল কাহারবা।
স্বভাবদোষে দোষী সবাই আমরা, নেই নীতি নৈতিকতা
রক্ত গেল, গেল প্রাণ, গেল রসাতলে স্বজাতি জাতীয়তা।
লাভের লাভ কী হলো হিসেব কষছি বসে
ভূতকে তাড়িয়ে প্রেতাত্মা এলো বর্গীও এলো দেশে।
ছিল ভূতের বাড়াবাড়ি, ভূত ছাড়াতেই ওঝার খোঁজ
কিন্তু হায় ওঝার ভেতরেই প্রেতাত্মা, এখন মানুষ নামের মানুষ নিখোঁজ।
চেতন মনে চেতনা আসে বেহুঁশ যায় না থাকা
বেহুঁশেরাই নাকি সমাজের বুদ্ধিজীবী কী আর বলবো কথা।
বাক্‌স্বাধীনতা আজ বাঘবন্দি
প্রেতাত্মারা নাড়ছে কলকাঠি।
ভাষার মাসেই হলাম বোবা, বধির
আলো আসবে কি? মন অধীর।
কী আর করা, দেশসুদ্ধ চোখ অন্ধত্ব নিয়েছে আপন ইচ্ছায়
চোখ বুজেই চলুক এ যে অদৃষ্টের চাল চলছে নিয়েছে স্বেচ্ছায়।

পরিচিতি: কবি ও লেখক। নিবাস: ঢাকা, বাংলাদেশ।