কবিতা

নালিশনামা



নবনীতা দেবনাথ


ভিতরঘরে বেহিসেবী সন্ধে নামার পর
প্রাচীন ক্ষত'র অসংযত ধূসর আঙিনায়
পর্দা, কুশন, ফুলদানি আর, অবাধ্য ব্যালকনি
ঝগড়া করে, গুমরে মরে, মল্লারি সন্ধ্যায়!

মনের যত বায়নাবাজি চোখের যত ম্লান
অপেক্ষাতে অনন্তকাল গুছিয়ে রাখে ঘর
রোদ জানালায় রোজ দু'বেলা আলোর পরিমিতি
তোমার নালিশ তোমার কাছেই জানায় নিরন্তর।

রাত জাগা চোখ, স্মৃতির শহর, শূন্য হাতের কোল
তোমার নামে রাত লেখে আর আমার খামে শোক
বুক ধুকপুক ঝঞ্ঝা উঠুক, উঠোন জুড়ে ঝড়
তোমার আমার মধ্যে ফারাক পাহাড় প্রমাণ হোক।

নিজের পাশে ভীষণ প্রিয় একটা 'আমি' রেখে
এক পৃথিবী ঝুটঝামেলা সরিয়ে রাখি দূরে
মুহূর্তদের ভাঙিয়ে কিছু খুচরো মায়া হলে
গুনতে বসি দোর ভেজিয়ে মনের অতলপুরে।

মন্দবাসার প্রলাপ রাখি ইবাদতের মতো
মাঝকপালের বিন্দিতে আর মধ্যরাতের জ্বরে
আলোকবর্ষ একলা হাঁটি কক্ষপথের দাগে
ভালো থাকার স্পর্ধা আঁকি সাঁঝবাতিদের ঘরে।

আঁজলা ভরে মেঘ পেড়ে নিই, আঁচল ভ'রে জুঁই
কল্পকোলাজ লিখলে জীবন রূপকথাদের ছুঁই।

পরিচিতি: লেখিকা শিক্ষিকা ও বিশিষ্ট কবি। নিবাস: কলকাতা।