কবিতা

আজও স্বপ্ন দেখি



কল্লোল বসু


যদি ক্ষমতা থাকতো নিদেনপক্ষে একটা নদী কিনতাম।
খড়ের ছাউনি দিয়ে ছোট্ট একটা ঘর বাঁধতাম।
নিজের মাথা গুঁজে থাকার মতো করে।
নদীর পার জুড়ে লাগাতাম পলাশ কৃষ্ণচূড়া
বট পাকুর অশ্বত্থ আরো কতো হাজারো রকম গাছ।
পথিকরা এসে বিশ্রাম নিত বটের ছায়ে।
বসন্তে করতাম পলাশ উৎসব। পাতার বাঁশি
বাজাতাম নিশীথের অন্ধকারে।
ক্ষমতা থাকলে নিদেনপক্ষে একটা নদী কিনতাম।
আদর করে নাম রাখতাম আনন্দী। ঘাটে
একটা ছোট্ট নৌকা বাঁধা থাকতো বাড়ির
পাশে আরশী নগর যাবার জন্যে। নদীর
পারে প্রতি বৎসর করতাম বাউল মেলা।
সন্ধ্যার আকাশে জ্বলে উঠত হাজারো তারা
আসতো মেঘ বালিকারা। খোঁপায় তাদের
গোঁজা তারার ফুল।
রাখালিয়া বাঁশির সুরে গ্রামবাসীদের মন
হয়ে উঠতো উদাসী। পাখির সুরে ঘুম ভাঙত গ্রামের কচিকাঁচাদের।
একটা ছোট্ট পাঠশালা থাকতো গুরুমশাই নামতা পড়াতেন সুর করে।

হলো না কিছুই শুধু বয়সটা বেড়ে গেল
নিজের মনের অজান্তেই।
যদি ক্ষমতা থাকত একটা নদী কিনতাম।

পরিচিতি: বিশিষ্ট কবি, অবসরপ্রাপ্ত সরকারী কর্মী। নিবাস: কলকাতা।