কবিতা

পোকা



অরণি বসু


অনেক হাসিখেলা‌‌ হল সারাবেলা,
এবারের মতো বসন্ত বিদায়।
ঘণ্টাধ্বনি দূর থেকে ক্রমশ এগিয়ে আসছে কাছে,
ফরফর করে উড়ছে বাংলা‌ক্যালেন্ডারের ‌শেষ পাতা।

দুয়ারে নতুন বছর।

কী দিয়ে স্বাগত জানাবো তোমায়,
চোদ্দশো তেত্রিশ,
চারপাশে বারুদের গন্ধ, বিষাক্ত ধোঁয়া আর হাহাকার।

একটু একটু করে পোকা হয়ে যাচ্ছি রোজ।

পরিচিতি: বিশিষ্ট কবি ও গদ্যকার। 'উলুখড়' পত্রিকার দীর্ঘ চার দশকের সম্পাদক। নিবাস: শিবপুর, হাওড়া।