হয়তো ছিলাম, ছিলাম বোধহয়
ছক ভাঙাদের অন্তরে
কে জানে কোথায়, পুনশ্চ মন
পলাতক ছুঁ-মন্তরে!
অলীক কারণ, মিথ্যে বারণ
অনিশ্চয়ের নাভিশ্বাস,
তুলতে হবে শক্ত হাতে
করলে করুক অবিশ্বাস।
ঘোচাতে আবার উড়ছে নিশান
গণতন্ত্রের অন্ধকার —
করবে বিনাশ দুঃশাসনের
স্বৈরাচারের অহংকার।
আশায় ভাষায় সর্বনাশায়
অন্ধ মনের খুলছে চোখ
স্লোগান মিছিল জোয়ার ভাঁটায়
কেবল মানুষ জ্যান্ত লোক।
পরিশ্রমের অন্নে জঠর
কাস্তে কোদাল হাতুড়ি ময়
দিচ্ছে না কেউ জাতের দোহাই
বন্ধু সবাই শত্রু নয়।

পরিচিতি: বিশিষ্ট কবি ও গল্পকার। নিবাস: কলকাতা।