এখানে পুণ্যের লোভে বড় বেশি আসে লোক
যার কাছে আসা সে পাথর, ইঙ্গিতে বলে থাকো কিছুকাল
আরো কিছু পুণ্য অর্জন হোক
বটের ছার নিচে নির্জনতা কাঁদে,
কিছু লোক মেতে গেছে ভক্তি অবসাদে
আমিও তার মধ্যে একা বসে আছি
রাত্রিদিন হাওয়া দেয় শীত বলে আছি কাছাকাছি।
এর মধ্যে পুষ্পপত্র ভরে যায় ফুলে
ঢাকের আওয়াজ মাত্র দেবী চোখ জ্বলে
অর্ধেক লোকের চোখে
ভরে ওঠে জল
বাকি সব লোক মিলে করে কোলাহল।
পুণ্যের লোভে এত বেশি জড়ো হওয়া লোক
সূর্য অস্ত যেতে যেতে বলে এই বলিদান এক্ষুনি বন্ধ হোক।

পরিচিতি: কলকাতার একটি বেসরকারি সংস্থায় অনুবাদক। এই সময়ের বিশিষ্ট কবি।