মেঘ জমে আছে গভীর হৃদয়ে, জানো!
তবু তুমি এই শরীর ধরেই টানো।
কে কোথায় নেবে আশ্রয় তাও তুমি
ঠিক করে দেবে? বুঝি কোনও বোষ্টুমি
ভোরবেলা গান ধরে, বাজে একতারা
সেইই বেশি সুখী যে আজ সর্বহারা।
এ কথার খেই ধরবার লোক আছে?
শোক, সন্তাপ সব একসাথে নাচে।
মেতে আছে সব শরীর, হৃদয় ভুলে
বারবার বাঁধে, একবার মন খুলে
কথা বলবার লোক যদি পায় খুঁজে
কতখানি মেঘ জমে আছে, যাবে বুঝে।
মেঘ সরে গেলে আকাশ ফর্সা, আলো
নিভে গেলে তুমি বারবার তাকে জ্বালো।
আগুন খুঁজছ? পাবে তাকে মনে, দেহে
নিভে যাবে বুঝি সে আকাশ সন্দেহে?
এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে
মেঘ সরে যাবে, অভিমান যাবে ফেলে।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত। নিবাস: বহরমপুর, মুর্শিদাবাদ।