
ডাক্তারবাবু স্থির চোখে আমার দিকে তাকিয়ে,
ওষুধের নাম লেখা পেন থেমে আছে প্রেসক্রিপশনে,
বাইরে উশখুসে ভিড় ভিতরের ঘরকে স্পর্শ করে না।
এখানে সব ঠান্ডা, এখানে সব শান্ত।
টেবিলে বুদ্ধ, সমাহিত। কুলকুল করে ঝরনার জল পড়ছে তথাগতর কোলে,
তার পাদদেশে ওষুধ কোম্পানি, এখানেও।
ডাক্তারবাবুর টেবিলের কাচের নিচে অনেক হাবিজাবি কাগজের মধ্যে
তাঁর দার্জিলিঙ ম্যালে ঘোড়ার উপর সাদাকালো ছবি।
"সমস্যাটা কি?" ডাক্তারবাবু বললেন,
দেওয়ালের ক্যালেন্ডার ফরফরিয়ে উঠল,
আমার দৃশ্যের স্রোত থামল।
"আমার আর ঘুম আসছে না ডাক্তারবাবু",
ক্লান্তির কালি ছিল কণ্ঠে, বোধহয়
ডাক্তারবাবু উঠে এলেন কাছে, "কবে থেকে?"
"মেয়েটার নাম তামান্না ডাক্তারবাবু, বোমায় ছিন্নভিন্ন হয়ে গেছে।"
"তাতে তোমার কি হলো?" ডাক্তারবাবুর গলায় বিরক্তি স্পষ্ট।
"কিছুই তো হওয়ার কথা ছিল না, আসলে মা যে কাগজে
জড়িয়ে সরকারি গজা রেখেছিল, তাতেই পড়ে ফেলি"
"ও তাই বল, ভয় পাইয়ে দিয়েছিলে তো, ও সেরে যাবে, সবাই যেমন যায়।"
"সেরে যাব?"
"বিলক্ষণ, ইন্ডিয়া, ক্রিকেটে জিতলে, অথবা তোমার প্রিয় নায়ক নায়িকা
একসাথে লাইভ করলে, দিব্যি ভুলে গিয়ে নাক ডাকিয়ে ঘুমাবে"।
"ডাক্তারবাবু আমার রোগ?"
"লজ্জা। কিন্তু ভালো খবর হলো এটা ক্ষণস্থায়ী,
এবং একেবারেই ছোঁয়াচে নয়।"
"নেক্সট"।
সৌজন্য: 'গণশক্তি' (শারদ সংখ্যা ২০২৫)