আজ ভোট
আজ মুর্গিরা শেয়াল নির্বাচন করবে, ঠিক করবে
কারা তাদের পাহারা দেবে
গত দু'মাস ধরে শেয়ালরা সব কথা বুঝিয়ে বলেছে
মুর্গিরাও সব বুঝে নিয়েছে
তারা প্রস্তুত
আজ তারা চিহ্নিত করবে যোগ্যতম শেয়াল
ছবিটা ভেসে উঠতেই দিনটা ডেকে উঠলো
কোঁকোর-কোঁ, খুবই কাতর ডাক
গত কয়েকদিন শুনেছি শুধু হুক্কাহুয়া, কিন্তু
আজ মুর্গিদের দিন
আর একটা কথা বলা হয়নি
একটি কুকুর সবকিছুর তদারকির দায়িত্বে
সে শেয়ালদের নাকি সংযত রাখবে
তাই ঘউ ঘউ করেও ডেকে উঠলো দিনটা
আজ ভোট
আজ মুর্গিরা শেয়াল নির্বাচন করবে
আমি নিশ্চিত সব মুর্গি সব শেয়ালের ডাকে
হুক্কাহুয়া শোনেনি
কোনোকোনো মুর্গির কানে কোনোকোনো শেয়ালের
ডাক শুনিয়েছে, প্রায় কোঁকোর-কোঁ
মুর্গিদের এই শোনার ক্ষমতাই
শেয়ালদের ক্ষমতার উৎস।

পরিচিতি: বিশিষ্ট কবি, ২০২৬-এ 'সাহিত্য অকাডেমি' পুরস্কারে সম্মানিত। নিবাস: বাগবাজার, কলকাতা।