তোমার আমার মাঝে যখন অশ্রু-উপত্যকা
কারণহীন উজিয়ে ওঠে ন'মাসে ছ'মাসে,
তুমি তখন আমার মতো আকাশ পারে দেখো?
পাহাড়চূড়া থেকে ভাবো, ওই বুঝি মেঘ আসে?
ও ক'টা দিন ক্রমমাথুর, গাল বেয়ে হয় নদী
দিনে তেমন ফুল ফোটে না, রাতে আকাশপ্রদীপ
জ্বলে না তাই, ঠিকানাহীন হাঁটি একা পথে,
উপবাসে প্রহর জাগি, বিফল মনোরথে।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি – স্তব্ধ, নির্জন।
ঘোষক ব'লে ওঠে এখন নিরুদ্দেশের ক্ষণ।
তুমি কি ওই পরনে নীল, ভ্রূ-পল্লবে দাগ?
ঘুম ভাঙলে আবছা দেখি, স্মৃতির সংরাগ।
হারিয়ে গেছি আমি, দেখো হারিয়ে গেছ তুমি,
আলোর মতো জ্বলে কেবল তপ্ত মনোভূমি!

পরিচিতি: অধ্যাপক ও কবি। নিবাস: কলকাতা।