কবিতা

হারিয়ে যেতে দাও



পাপিয়া ভট্টাচার্য


নিত্য অনিত্যের মাঝে পুনর্জন্ম,
পদাবলি ভোর –

আমার ভুল নিয়ে চলে গেছে কেউ
তাকে হারিয়ে যেতে দাও।

হাওয়ার আলপথ ধরে ধুলো-শরীর
পাক খেয়ে লুটিয়ে পড়ে বারবার –

ভাঙাচোরা হয়ে গেছে সেই কবেই
টুকরোগুলো ক্ষয়িষ্ণু।
ওদের হারিয়ে যেতে দাও।

বুকের মধ্যে ভবঘুরে এক মেঘ বালকের উপকথা -
যা যায় তা কি আর কোনোদিন ফেরে?
হারিয়ে যেতে দাও।

পরিচিতি: কবি, গল্পকার, গ্রন্থসমালোচক। নিবাস: উনসানি, হাওড়া, পশ্চিমবঙ্গ।