কবিতা

মাঠের ঈশ্বর



তারাপ্রসাদ সাঁতরা


আঁকাবাঁকা নদীর মতো
শুয়ে আছে লাল কাঁকুরে রাস্তা।
তিনি আসতেন যেতেন এই রাস্তা ধরে
দেখা হতো গাছের নিচে, ধানের খেতে
ঝমঝম বৃষ্টির ভিতর।

সে পথ সরে গেছে কবেই
হৃদয়ের উত্তাপ এখন কষ্ট কথা বলে।
আর কালো কালির রং মেখে দাঁড়িয়ে পড়ে আর্ত শব্দের সরণিতে।

যদিও সব পথ হারিয়েছে বর্ণমধুরতা
দেওয়ালে দেওয়ালে বিভাজন, ক্রোধ –
সর্বনাশের ষোলোকলা।
দেখি পুরাতনী দিনের বাঁশি ছুঁড়ে ফেলে
মাঠের ঈশ্বর এখন লাঠির মাথায় পতাকা টাঙিয়ে
পথ হাঁটে!

চিনতে পারিনা আমার দেখা ঈশ্বরকে
অথচ এদের ভিতর একদিন দেখেছি তাঁকে কর্মমুখর।
দেখেছি সরল হাসির ভিতর মেঘমুক্ত আকাশ।

পরিচিতি: অবসরপ্রাপ্ত শিক্ষক। কাব্যগ্রন্থের সংখ্যা ৬টি। কবিতা সংগ্রহ ২টি। বর্তমান নিবাস: বাঁশবেড়িয়া, হুগলি।