কবিতা

মায়ার অন্তরালে



এ. হাসান


অপার দেখার অন্তরালে
জানার হলো ইতি
কাছে টানা, দূরে ঠেলা
সবটুকুই স্মৃতি।

অবিরাম এই আসা-যাওয়ার
ক্লান্তি হলো শেষ,
হৃদয়-পটে রইলো আঁকা
চির-চেনা সেই বেশ।

স্বার্থ এক ব্যাধি বিষম
মমতায় হানে ক্ষত
বদন উজল-হৃদয় গহন
আঁখিতারা হলাহল-মত।

সব সঁপে আজ রিক্ত দুয়ার
শূন্যে হারাই সুর —
যারে ভাবি আপন ছায়া
সে তো বহুদূর।

দায়ের বোঝা মাথায় নিয়ে
রিক্ত এ ঘরখানি —
সব হারানোর ভিড়ে আজ
আমিই আমায় জানি।