কবিতা

ডঙ্কা বাজুক, ভেসে যাক নোটিফিকেশনে



অয়ন মুখোপাধ্যায়


জীবনটাকে সঁপে দিলাম -
একটা ভাঙা এটিএম মেশিনে,
সে-ই নাকি গোপনে ঈশ্বর,
কখনও টাকা ঝরায়,
কখনও শুধু রসিদ।

আমি ভাবলাম -
ফেসবুকের টাইমলাইনে ভেসে উঠবে
আলো-ঝলমলে পরিচয়পত্র,
তাতে লেখা থাকবে -
"তুমি অনুমোদিত মানব।"

হঠাৎ দেখি, আকাশের মেঘে
বাজছে বিশাল ডঙ্কা -
কেউ না, গুগল ম্যাপই রুট দিচ্ছে -
"শঙ্কা জয় করে ডানদিকে মোড় নাও।"

রাস্তার মোড়ে দাঁড়িয়ে
এক বৃদ্ধ ভিখিরি হাততালি দিচ্ছেন,
আর আমি বুঝলাম -
ভয়কে হারানো মানে
কেবল হ্যাশট্যাগ বদলানো নয়,
বরং নিজের ছায়াকেও
ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেওয়া।

পরিচিতি: পেশায় শিক্ষক। সংস্কৃতি কর্মী; কবিতা, গল্প, প্রবন্ধ লেখক। নিবাস: কলকাতা।