স্মৃতির সঞ্চয়

লেনিন মূর্তি



অন্নদাশঙ্কর রায়


লেনিন মূর্তি না বাঁচে তো
    গান্ধীও কি বাঁচবে?
গান্ধী মূর্তি ধ্বংস করে
    নাচবে ওরা নাচবে।

গান্ধী মূর্তি না বাঁচে তো
    সুভাষও কি বাঁচবে?
সুভাষ মূর্তি চূর্ণ করে
    নাচবে ওরা নাচবে?

ওদের নাচন ওদের মাতন
    ওইখানে কি থামবে?
রাজনীতির রণাঙ্গনে
    নামবে ওরা নামবে।

মারদাঙ্গা বাধিয়ে দিয়ে
    বুলেট ছুঁড়ে মারবে
নির্বাচনের ব্যালট বাণে
    হারবে ওরা হারবে।

বিশ শতকের সঙ্গে লড়ে
    অষ্টাদশ কি পারবে?
ভাঙবে কিছু, চুরবে কিছু
    সর্বশেষে হারবে।