আটকে গেছে জানলাতে চোখ
মন বসে না কাজে,
ঠিক কেন যে এমনটা হয়
কিচ্ছু বুঝি না যে।
দেখছি চেয়ে ময়লা-ধুলো
করছে মাখামাখি
ভরদুপুরে পথের উপর
চারটে চড়ুইপাখি।
ওই অপরূপ ধূলিস্নানে
দৃষ্টি যখন জোড়া,
ছড়িয়ে ডানা শূন্যে হঠাৎ
উড়াল দিল ওরা।
কী কাজ করব, তখন আবার
চোখ রাখি আকাশে,
নীল শাড়িটির ঝিলিক দেখি
কালো মেঘের পাশে।
* ২০০৩ সালে (বাংলা ১৪১০ সন) লেখা।