কবিতা

আলোর শ্লোক



রুনা চট্টোপাধ্যায়


"কস্ত ঊষঃ কধপ্রিয়ে ভুজে মর্তো অমর্ত্যে। কং নক্ষসে বিভাবরি।।
বয়ং হি তে অমন্মহ্যান্তাদা পরাকাত্। অশ্নে ন চিত্রে অরুষি।।"

- ঋগ্ বেদ

আলো আছে ঢের
আলো এ মাটির গ্রহে
প্রমিথিউসের হাত ছুঁয়ে আলো
আগুন হয়েছে দ্রোহে
তবুও তো তুমি চিরকাল সেই রাজা
শাসনদণ্ড হাতে নিয়ে থাকো বেশ
ঠিক করে দাও সীমানা কাঁটায়
কার মাটি কার দেশ।
আর কার কার দেশও থাকেনা
ঠাঁইনাড়া বেসাহারা
হে অমর উষা, ঋগ্ বেদ কাল থেকে
আলো ছোঁবে বলে আগুনে পুড়েছে যারা
খোলা আকাশের নিচে রাত্তির আসে
এ মাটির গ্রহে কারা থাকে পরবাসে?