রাজার'ও রাজা আছে তা কি তুমি জান!
দম্ভের দমকায় যে বই লুটিয়েছ, তার অক্ষর কি তুমি চেন!
রাতের যে দুঃস্বপ্ন আমার গভীরে চাইছ
তার রাঙানো শোভা কি কখনো দেখেছ!
মাটি এখনো ভেজা, তাতে নগ্ন ক্ষমতার প্রতিচ্ছবি ভাসে।
যদি কোনো চিত্রকর তুলির ডগায় তুলে আনে সেই মাটির ছবি,
জানি তুমি তাকেও দরবারে দন্ড দেবে।
আকাশ দুনিয়ার যে গ্রহমন্ডলীরা সাক্ষী হয়ে দেখছে
তাকে কি তুমি বোমারু বিমানে আঘাত আনবে?
তবে জেনো, বিশ্বাসের উত্তাপে বলি
দম্ভেরও দম্ভ আছে,
রাজারও রাজা আছে।