সহায়ক যাপনপঞ্জি
বাতাসের হাত সারাদিন খুঁজছে মেঘ,
আকাশ বারবার জানলায় দেখছে একটা মুখ,
প্রেরকের সব চিঠি ফেরত আসছে,
মনোযোগ শুধু ঋণভাণ্ডার,
অগ্রগতি কোনো এক গন্তব্যে রূপান্তরহীন,
অনুভবের পারিবারিক ইতিহাস পাথরের বোন,
শাদা কাগজ সংগ্রাহক কারণে গম্ভীর।
সব যাপনে বৃষ্টি পড়ে না।
★
সহায়ক সম্পর্কপঞ্জি
স্পর্শের অসুখ,
দেখা না দেখার প্রাতঃস্মরণ,
দুঃখদিনগুলি বিশেষ মন্ত্রণালয়,
দেবদারুছায়া তোমার দিকে
যেতে যেতে ডাকে না এখন,
লোকজ সংগীতে না-হারানো জাগরণ,
ধমনিতে পোকাদের পঞ্চায়েত।
মানুষের সম্পর্ক আকাশপন্থী নয়।
★
সহায়ক দূরত্বপঞ্জি
একটা প্রিয় ঢেউ সমুদ্রে বেড়াতে গেছে,
বিশাখার রৌদ্র অন্য আকাশে,
দুটো ডানা মেঘের আড়ালে,
একটা হাত কাঁপছে দিগন্তের ছায়ায়,
সময়ের খননে দেখছি:
কথা বলা মুখ
অসহায় চোখ
সহস্র খানাখন্দ
আর অগ্নিউৎসব।
সব দূরত্ব তুমি স্বপ্নে ছুঁয়েছ।
★
সহায়ক প্রেমপঞ্জি
কাশবনে পলাশ ছড়াও,
চৈত্রকে আনবে না বাহুবন্ধনে,
নদীর সব ঢেউ কেবল দুজনের,
চুম্বনে বিরতিহীন মেঘমঞ্জরী,
নীতিবাক্য পড়বে না,
রাত্রিকে দাও উত্তরফাল্গুনী।
প্রেম রাত্রিদিন শতরঞ্জ খেলে।