এই পথে গত রাতে
দেখেছ কি ওকে যেতে?
ঝুমুর ঝুমুর নূপুর পরা
পাতলা পাতায় আলতা ঝরা,
ছলাৎ ছলাৎ গাগর ভরা
ভেজা কাঁচুলির বাঁধন হারা।
কৃষ্ণঘন কুঞ্চিত কেশ
আপাদ প্রসারী আর্দ্র আবেশ
রজত রাঙা টায়রা পরা ভালে
ভেজা কনীনিকা কম্পিত আঁখি জলে।
গতরাতে এই পথে
দেখেছ কি ওকে যেতে?
দেবদারু তুমি বলে দাও না
ও ঝরাপাতা তুমি বলে দাও না
ও আকাশ, ও পাহাড়, ও ঝরনা
বলে দাও না, কোন বাঁকে ওকে পাব?
হন্নে হয়ে খুঁজে চলেছি সেই কুয়াশা সকাল থেকে
কেউ কি বলবে আমায়, কোথায় পারে যেতে।
ও কখনো ঘুমায় জোনাকির সাথে
জানিনা এখন কোন সে পাতার ফাঁকে।
দু্ঃসহ এক একটি ক্ষণ
ইরাকে না পেয়ে পিপাসিত মন।
দিনের আলোতে নিজেকে লুকিয়ে রেখে
আমায় কেন কষ্ট দিচ্ছ, আমি দুর্বিপাকে।
সূর্যের সাথে কি জট জানিনা
দিবাস্বপ্নে জাগিয়ে বাসনা
অগত্যা প্রহর গোনা, ইরা আমার প্রেরণা,
আমার তৃষ্ণা একথা কার না অজানা।